প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১৭:৩০ (মঙ্গলবার)
হবিগঞ্জে ড্রোন দিয়ে দুর্গতের পাশে বিজিবি

হবিগঞ্জে বন্যা কবলিত এলাকা থেকে পানি নেমে গেছে। যদিও নিন্মাঞ্চলের কিছু কিছু গ্রামে এখনও পানি রয়েছে। তবে এরই মধ্যে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহযোগিতা পৌঁছে দিচ্ছে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
 

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নৌকাযোগে বন্যা কবলিত এলাকায় ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে দাড়িয়েছে হবিগঞ্জ ৫৫ বিজিবি। এসময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ও হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমানসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা।

বিজিবি জানায়- বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বন্যা কবলিত কয়েকটি গ্রামে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। এতে ৪০০টি পরিবারের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ, ২০০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী এবং ২০০টি পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া বন্যাদুর্গত এলাকার প্রায় ১৫০টি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদানের জন্য পশু বিশেষজ্ঞ ডাক্তারদের আলাদা একটি দল সারাদিন কাজ করেছে।
 

ব্যতিক্রমধর্মী ও অভিনব উদ্যোগ হিসেবে ৫৫ বিজিবি ড্রোনের মাধ্যমে দুর্গম ও বন্যাকবলিত গ্রামের অসহায় মানুষের মাঝে শুকনা খাদ্যদ্রব্য এবং নগদ অর্থ বিতরণ করেছে। এই সম্পূর্ণ নতুন পদ্ধতি দুর্গম এলাকায় দ্রুত, নিরাপদ ও কার্যকর সহায়তা পৌঁছে দিতে সহায়ক হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ বলেন, “হবিগঞ্জ ৫৫ বিজিবির এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ব্যতিক্রমধর্মী ড্রোন প্রযুক্তির মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রমে অনেক অসহায় ও দরিদ্র বন্যার্ত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ঔষধ এবং স্বাস্থ্যগত পরামর্শ গ্রহণের সুযোগ পেয়েছেন। একই সঙ্গে ত্রাণ সামগ্রী ও নগদ সহায়তা বিতরণের মাধ্যমে অনেক পরিবারের কষ্ট কিছুটা লাঘব হয়েছে। বিজিবির এই সামাজিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার চর্চাকে আরও উৎসাহিত করবে।
 

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, চলমান টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরী চিকিৎসা সহায়তা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় আমরা সর্বশক্তি নিয়োগ করেছি। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কাজ করে দুর্গতদের দুর্ভোগ লাঘব করছি।

 


সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০৬