সুনামগঞ্জ জেলায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থাকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
এ বিষয়ে মঙ্গলবার (১৩ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি অফিস আদেশ জারি করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব (এসএ) শাখা থেকে জারি করা স্মারকে বলা হয়েছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর ৫(১) ধারা অনুযায়ী পাম্প, ড্রেজার বা অন্য কোনো উপায়ে ভূগর্ভস্থ বালু কিংবা মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ।
এতে আরও বলা হয়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা ২০২৫ অনুযায়ী কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নির্ধারিত বালুমহাল থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে। জেলা প্রশাসকের লিখিত অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই রাতের বেলায় বালু উত্তোলনের সুযোগ নেই।
জেলা প্রশাসন জানিয়েছে, সুনামগঞ্জ জেলায় এখন পর্যন্ত কাউকে রাত্রিকালীন বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়নি। ফলে রাতে বালু উত্তোলনের যে কোনো কার্যক্রম সরাসরি অবৈধ হিসেবে বিবেচিত হবে।
স্মারকে আরও উল্লেখ করা হয়েছে, বালুমহাল থেকে বালু বা মাটি পরিবহনের ক্ষেত্রেও অনুমোদনহীন বা অবৈধ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। আইন লঙ্ঘন করে বালু উত্তোলন, পরিবহন কিংবা অন্য কোনো অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ নির্দেশনায় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের স্বাক্ষর রয়েছে। এর অনুলিপি ২৮ বিজিবি ব্যাটালিয়ন সুনামগঞ্জের অধিনায়ক, পুলিশ সুপার, নৌ পুলিশ সুপার, জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি) এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/পিটি
আইটি ল্যাব সলিউশন্স লি.