প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৫:০৫ (বৃহস্পতিবার)
নর্থাম্পটনে তিন বাংলাদেশি ভাইয়ের ‘প্যাকইশ’ হালাল ফাস্ট ফুডের সাফল্য

লিভারপুল ইউনিভার্সিটির ছাত্রজীবনে নিজের জন্য রান্না করা খাবার থেকেই শুরু। বন্ধুদের প্রশংসা, এরপর ঘরোয়া উদ্যোগে ফুড ডেলিভারি—আর সেই পথ ধরেই আজ সফল একটি হালাল ফাস্ট ফুড ব্যবসা। নর্থাম্পটনে তিন বাংলাদেশি ভাইয়ের এই অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে প্রতিবেদন…

লিভারপুল ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় নিয়মিত বাসায় রান্না করা খাবার নিয়ে ক্যাম্পাসে যেতেন ইসমাইল। লাঞ্চে বসে সেই খাবার খাওয়ার সময় বন্ধুদেরও আপ্যায়ন করতেন। তার হাতের তৈরি সুস্বাদু খাবার খেয়ে মুগ্ধ হন সহপাঠীরা। সবাই উৎসাহ দেন এই খাবার আরও মানুষের কাছে পৌঁছে দিতে।

সেই অনুপ্রেরণা থেকেই দুই ভাই সাজ্জাদ ও ইয়াসিনকে সঙ্গে নিয়ে ঘর থেকেই শুরু করেন হোমমেড খাবারের ফুড ডেলিভারি। অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের প্রশংসা ও আস্থা অর্জন করে তাদের উদ্যোগ।

ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ডিসেম্বরে নর্থাম্পটনের ব্যারাক রোডে তিন ভাই মিলে চালু করেন ‘ প্যাকইশ Northampton’ নামে একটি ফাস্ট ফুড রেস্টুরেন্ট। প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য—এখানে পরিবেশিত প্রতিটি খাবার শতভাগ হালাল।

স্বপ্ন, পরিশ্রম আর মানসম্মত খাবারের প্রতি অঙ্গীকার—এই তিনের সমন্বয়েই গড়ে উঠেছে ‘প্যাকইশ  Northampton’। ছাত্রজীবনের ছোট্ট উদ্যোগ আজ পরিণত হয়েছে একটি সফল ব্যবসায়। উদ্যোক্তারা বলছেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে সেবা ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য।

সিলেটভিউ২৪ডটকম/পিটি/শামীম