প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৮:৫৪ (শুক্রবার)
ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ

আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা শিক্ষা ও মূল্যায়ন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (জেসিইএসসি) ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, বিপুলসংখ্যক অভিভাবক এবং তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ নাজমুস সাকিব এর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্যে উপাধ্যক্ষ মিসেস শাহানা আহমেদ চৌধুরী প্রতিষ্ঠানটির ইংরেজি ভাষা শিক্ষার মানোন্নয়নে এ সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব মার্কেট মি. জুনায়েদ আহমেদ আন্তর্জাতিক শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে ইংরেজি ভাষা দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। পরে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (ইংলিশ অ্যান্ড এক্সামস) মি. নাজমুস সাকিব আহমেদ ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন ইংরেজি ভাষা কর্মসূচি ও এর সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া অ্যাকাউন্ট ম্যানেজার (কর্পোরেট ইংলিশ সলিউশনস অ্যান্ড গ্লোবাল অ্যাসেসমেন্ট) মিস আনিকা বুশরা ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিক মানের ইংরেজি মূল্যায়ন কার্যক্রমের ওপর একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংরেজি মূল্যায়ন পদ্ধতি এবং এর শিক্ষাগত গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করেন।

পরে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং ব্রিটিশ কাউন্সিলের মধ্যে আনুষ্ঠানিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর। এই চুক্তির আওতায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রাইমারি ইংলিশ টেস্ট (PET) এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সেকেন্ডারি ইংলিশ টেস্ট (SET) চালু করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি আইইএলটিএস (IELTS) নিবন্ধন কেন্দ্র হিসেবে কার্যক্রম পরিচালনা করবে, যার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা প্রতিষ্ঠান থেকেই সহজে আইইএলটিএস পরীক্ষার জন্য নিবন্ধন করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর শেষে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। সমাপনী বক্তব্যে কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর রহমান, পিএসসি, পিএইচডি, এইইসি ব্রিটিশ কাউন্সিলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এ সহযোগিতামূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে প্রতিষ্ঠানের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ও ব্রিটিশ কাউন্সিল সহযোগিতা কর্মসূচির সমন্বয়কারী মুহাম্মদ সাইয়িদুল ইসলাম। সার্বিক লজিস্টিক ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ছিলেন সিনিয়র শিক্ষক মো. মোহাম্মদ আবু সালেক।

এই সহযোগিতা চুক্তির মাধ্যমে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা শিক্ষা ও মূল্যায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা তাদের উচ্চশিক্ষা, বৈশ্বিক যোগাযোগ এবং ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯