ছবি: ফাইল ছবি।
হবিগঞ্জের নবীগঞ্জে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বাড়ির পাশের খালে পড়ে জুয়েল মিয়া (২১) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত গভীর রাতে পৌর এলাকার কানাইপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বাড়ির পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুয়েল মিয়া কানাইপুর গ্রামের এখলাছ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমানোর প্রস্তুতি নেন জুয়েল। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘর থেকে বের হন। এ সময় অন্ধকারে বাড়ির পাশের খালের পাড়ে পা পিছলে পানিতে পড়ে যান। শারীরিক সীমাবদ্ধতার কারণে তিনি আর পানি থেকে উঠতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে জুয়েলকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা বাড়ির পাশের খালে তার মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করেন। জুয়েলের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে আসে। বাবা এখলাছ মিয়াসহ স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে। আইনগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ সলিল/ এহিয়া-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.