প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ২৩:২১ (শুক্রবার)
সিলেটে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হু*মকি, মা ম লা

ছবি: সংগৃহিত

ফেসবুকে মানহানিকর পোস্ট, অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটের আদালতে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ৩০ জুন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলাটি (এয়ারপোর্ট সি.আর. মামলা নং-১৪৮/২০২৬) দায়ের করেন জকিগঞ্জ উপজেলার খলাদাপনিয়া গ্রামের জাহাঙ্গীর আলম রিপন (৩২)। বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক জাহাঙ্গীর বর্তমানে সিলেট নগরীর এয়ারপোর্ট থানার ধোপাগুল সাহেবের বাজার এলাকায় বসবাস করেন।

 

জাহাঙ্গীর আলম রিপনের দায়ের করা মামলাটি আদালত গ্রহণ করে সিলেটের এয়ারপোর্ট থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ১৮ আগস্ট মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।


মামলায় আসামি করা হয়েছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রাজনগর চৌমুহনীর আবুল বারিকের ছেলে মো. সজিব মিয়া (২৯), সিলেট জেলার বিশ^নাথ উপজেলার কর্মখলা, কামালবাজারের ইনতাজ আলীর ছেলে মোহাম্মদ সিরাজুল ইসলাম (৫৫) ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইনাম গ্রামের মহেশ সরকারের ছেলে অনুরঞ্জন সরকার (৩৪)-কে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ দ-বিধির ৫০০, ৫০৩ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

অভিযোগে বাদী জাহাঙ্গীর আলম রিপন উল্লেখ করেন, বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে সক্রিয় ছিলেন তিনি। আসামিরা পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন। এছাড়া তারা প্রাণনাশের হুমকি এবং বিভিন্ন উসকানিমূলক পোস্ট করেন।

 

জাহাঙ্গীর আলমের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে এসব পোস্ট ছড়িয়ে পড়ায় তিনি সামাজিক, পারিবারিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন। এতে বাদী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন। আদালতের কাছে তার অভিযোগের সুষ্ঠু তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জাহাঙ্গীর।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে