প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬ ১৬:৩০ (শনিবার)
হবিগঞ্জে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

ছবি: সংগৃহিত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধ্বসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে দুর্ঘটনায় ট্রাকের চালক বা হেলপার কেউ আহত হয়নি।

 

বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে বালুভর্তি ট্রাকটি সাতছড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ পিচঢালা সড়কের একটি অংশ ধ্বসে পড়ে। এতে ট্রাকটি গর্তে পড়ে উল্টে যায়।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কের নিচ দিয়ে পানির প্রবাহ চলতে থাকায় মাটির নিচে ফাঁকা অংশ (সুরঙ্গ) সৃষ্টি হয়। যথাসময়ে প্রয়োজনীয় সংস্কার না করায় শেষ পর্যন্ত সড়কটি ধ্বসে পড়ে। দুর্ঘটনার পর থেকে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

সাতছড়ি ত্রিপুরা পল্লীর বাসিন্দা চিত্ত রঞ্জন দেব বর্মা জানান- গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে পানি গিয়ে সড়কের নিচে সুরঙ্গের সৃষ্টি হয়। পরে ভারি যানবাহন চলাচলের কারণে সড়কের এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এতে করে দূর্ভোগে পড়েছেন অনেক যাত্রী। মোটর সাইকেল আরোহী ছালেক মিয়া জানান- সড়কে ধ্বসের কারণে চলাচল করা সম্ভব হচ্ছে না। তবে বিকল্প সড়ক ব্যবহার করছেন চালকরা।


 
চুনারুঘাট থানার ওসি সফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত না হলেও সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

 

সাতছড়ি বিট কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সড়কটি আপাতত বন্ধ রয়েছে। নিরাপত্তার স্বার্থে যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত স্থান থেকে দ্রুত ট্রাকটি উদ্ধার এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অবহিত করা হয়েছে। যতদ্রুত সম্ভব যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/জাকির/ইকে