প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ১৩:২২ (শনিবার)
সিলেটে যে রোগে প্রাণ গেল আরও ৩ শিশুর

সিলেট গত এক দিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নতুন এ তিনজনকে নিয়ে চলতি বছরের শুরু থেকে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।

শনিবার (১৮ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

জানা যায়, মারা যাওয়া তিন শিশুর সবার বয়স ১০ মাসের কম। তারা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মৃত্যুর ঘটনায় স্বজনদের পাশাপাশি স্থানীয় এলাকাগুলোতেও উদ্বেগ তৈরি হয়েছে।বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন ২৯৭ জন রোগী। গত ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে নতুন কোনো হাম রোগী শনাক্ত না হলেও উপসর্গ দেখা দেওয়ায় আরও ৬৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৩৪ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/পিটি