সরকারি অনুদান দেয়ার নামে সিলেট সিটি করপোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রেজাই রাফিন সরকারের নামে একটি চক্র প্রতারণা শুরু করেছে। এদিকে বিষয়টি তার নজরে আসার সাথে সাথে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পাশাপাশি নগরবাসীকে সর্তক থাকার জন্য তার ফেসবুক পেইজে শনিবার (১৮ জুলাই) একটি সতর্কীকরণ বার্তা দিয়েছেন।
এতে তিনি উল্লেখ করেন, একটি প্রতারক চক্র আমার নাম, ছবি ও অফিসের ঠিকানা ব্যবহার করে ০১৭৪৫-৯৯২৯০৯ নম্বর থেকে সিলেট সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন নাগরিকের কাছে ওয়াটসঅ্যাপে ফোন করে যোগাযোগ করে যাচ্ছে প্রতারক চক্র।
তিনি আরও উল্লেখ করেন, প্রতারক চক্রের দেয়া ছবিতে নামের বানান এবং নম্বর ভুল দেয়া হয়। চক্রটি সরকারি অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেকের কাছে বিকাশ নম্বর, জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করছে।
তিনি অনুরোধ জানিয়ে বলেন, এ ধরনের প্রতারণামূলক ফোন বা বার্তায় কোনোভাবেই সাড়া দেবেন না এবং ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার করবেন না। প্রয়োজন হলে সরাসরি সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ে যোগাযোগ করে তথ্য যাচাই করুন।
রবিবার (১৯ জুলাই) দুপুরে সিলেটভিউকে এসব তথ্য নিশ্চিত করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রেজাই রাফিন সরকার। তিনি বলেন, নগরবাসী যাতে প্রতারণা শিকার না হন সেজন্য তাদেরকে সর্তক থাকার আহ্বান করছি। ইতিমধ্যে আমাদের দপ্তর থেকে প্রতারক চক্রের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/পিটি
আইটি ল্যাব সলিউশন্স লি.