ছবি: সিলেট ভিউ।
সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় ৭জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে এজাহারনামীয় ৩জন আসামীসহ সন্দেহভাজন আরও ৪জনকে গ্রেফতার করা হয়। শনিবার (১৮ জুলাই) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন মুয়াদ আহমদ মাহিব (২৪)। সে সিলেট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমের ভাতিজা এবং সিলেটের শাহপরান (রহ.) মেজরটিলা মোহাম্মদপুর এলাকার মো. মলমের ছেলে।
বাকী গ্রেফতারকৃতরা হলেন- গ্রেফতারকৃতরা হলেন, সুবাস চন্দ্র দাস (৩২), মো শাহনুর আলী (৪২), মো. শাকিল (২০), শাহারিয়ার হোসেন রাহাদ (২২), মো. সাগর আহমদ (২৬) এবং সাব্বির আহমেদ শাকিল। তারা সকলেই সিলেট মহানগরীর টিলাগড় এলাকার রঞ্জিত সরকারের গ্রুপের অনুসারী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মী বলে জানায় পুলিশ।
এর আগে, শুক্রবার (১৭ জুলাই) সকালে ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। আম্বরখানা পুলিশ ফাঁড়ির এএসআই (নি) রফিকুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩ মামলাটি দায়ের করেন। তারিখ- ১৮/০৭/২০২৬ খ্রি., ১২:৩৫ ঘটিকায় এয়ারপোর্ট থানার মামলা নং-২৫।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় ৭জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৩জন এজাহার নামীয় আসামী এবং বাকি ৪জন সন্দেহভাজন আসামী রয়েছেন। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।’
প্রসঙ্গত, শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিট হতে ৬টা ২০ মিনিট পর্যন্ত সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের মেইন রাস্তা হতে শুরু হয়ে টিবি গেইট পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এই মিছিলে আনুমানিক ২৫-৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে তারা ৫-৬টি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.