প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ১৯:১৫ (মঙ্গলবার)
সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি

ফাইল ছবি

কয়েকদিন কমার পর সিলেটে হঠাৎ করে বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি।
 

সোমবার সকাল থেকে সুরমা ও কুশিয়ারার পানি কয়েকটি পয়েন্টে বাড়তে শুরু করে। এছাড়া সারিগোয়াইন ও লোভাছড়া নদীর পানিও বেড়েছে। তবে কমেছে পিয়াইন ও ধলাই নদীর পানি। তবে জেলার সবকটি নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
 

পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যা ৬টা থেকে পূর্ববর্তী ১২ ঘন্টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ২৬ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। কুশিয়ারা নদীর পানি আমলশীদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বেড়েছে যথাক্রমে ৫, ৬ ও ৩ সেন্টিমিটার। তবে শেরপুর পয়েন্টে কমেছে ৩ সেন্টিমিটার। সারিগোয়াইন নদীর পানি সারিঘাটে ১৩ সেন্টিমিটার ও গোয়াইনঘাটে ৬ সেন্টিমিটার এবং লোভাছড়ার পানি লোভা পয়েন্টে ৩০ সেন্টিমিটার বেড়েছে। ধলাই নদীর পানি ইসলামপুরে ৩ সেন্টিমিটার ও পিয়াইন নদীর পানি জাফলংয়ে ৬ সেন্টিমিটার কমেছে।
 

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, কয়েকটি নদীর পানি বাড়লেও এখনো বিপৎসীমার নিচে রয়েছে। ভারতের আসাম ও মেঘালয়ের পাহাড়ী অঞ্চলে বৃষ্টিপাত ও সিলেটে টানা ভারি বর্ষন না হলে সিলেটে বন্যার সম্ভাবনা নেই।


 

সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/এসডি-০৯