প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ২৩:৩০ (মঙ্গলবার)
বি ক্ষোভে উত্তাল শাবি, কঠোর কর্মসূচির  হুঁশি য়ারি

ছবি: সংগৃহিত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ক্যানটিনের খাবারের মান নিয়ে হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ করায় শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

 

সোমবার বেলা সাড়ে তিনটা থেকে শিক্ষার্থীরা কর্মসূচি শুরু করেন। বিভিন্ন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশ নেন। এটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের চেতনা-৭১ স্থাপনা ঘুরে নতুন সামাজিক বিজ্ঞান ভবন হয়ে আবারও গোলচত্বরে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে গোলচত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। তাঁরা সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

 

শাহপরান হলের খাবারের মান নিয়ে ১৬ জুলাই হোয়াটসঅ্যাপ গ্রুপে মন্তব্য করেন সামাজিক বিজ্ঞান বিভাগের (২০২৩-২৪) শিক্ষার্থী খাইরুল খন্দকার। এর জেরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক হাসিবুর রহমান ও সহদপ্তর সম্পাদক তারেক রহমান ১৮ জুলাই রাতে তাঁকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে ওই রাতে ও পরের দিন বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

 

সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ হোসেন বলেন, ‘আমরা আমাদের ভাইদের অন্যায়ভাবে প্রকাশ্যে আর কোনো মার খেতে দেখতে চাই না। সন্ত্রাসীদের এখনই দমন করার সময় এসেছে। আমরা এখানে ন্যায়বিচার চাইতে এসেছি। আমরা বিশ্বাস করতে চাই, বর্তমানে যাঁরা প্রশাসনে আছেন, তাঁরা ন্যায়বিচার করবেন। ন্যায়বিচারে বিলম্ব হলে আমরা কর্মসূচি চালিয়ে যাব।’

 

অর্থনীতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবরার বিন ছলিম বলেন, ‘আমাদের সহপাঠীর ওপর হামলার ঘটনার তদন্ত ও বিচারের জন্য প্রশাসনকে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। আগামীকাল মঙ্গলবার সেই সময় শেষ হবে। যদি ন্যায়বিচার না পাই, তাহলে আমরা ক্লাস–পরীক্ষা বর্জন করব।’

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে