প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ২১:৪৯ (বুধবার)
জকিগঞ্জের প্রবাসীর অভিযোগে ডিসি-ডিআইজিকে মন্ত্রণালয়ের চিঠি

ছবি: সংগৃহিত

সিলেটের জকিগঞ্জ উপজেলার সৌদি প্রবাসী আহমদ আল ইয়াহইয়ার আইনি সহায়তার আবেদন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট রেঞ্জের ডিআইজি ও সিলেটের জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

 

১৯ জুলাই মন্ত্রণালয়ের কল্যাণ-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মাধ্যমে প্রাপ্ত আহমদ আল ইয়াহইয়ার আবেদনপত্র বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য প্রেরণ করা হয়। চিঠিতে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাইয়েদা ফয়জুন্নেছার স্বাক্ষর রয়েছে।

 

সূত্র জানায়, জকিগঞ্জ উপজেলার ফুলতলী গ্রামের বাসিন্দা আহমদ আল ইয়াহইয়া তার জমি-সংক্রান্ত বিরোধের বিষয়ে আইনি সহায়তা চেয়ে জেদ্দা কনস্যুলেটে আবেদন করেছিলেন। পরে গত ৮ জুলাই কনস্যুলেট আবেদনটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠায়।

 

সর্বশেষ মন্ত্রণালয়ের চিঠিতে আবেদনটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিআইজি ও জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবকে অবহিত করা হয়েছে।

 

এ ব্যাপারে জানতে চাইলে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা বিষয়টি তদন্তের জন্য পুলিশ সুপার (এসপি) এর কাছে পাঠিয়েছি। রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/হাছিব/ইকে