প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ২২:৫৭ (বৃহস্পতিবার)
এমসি কলেজে ইসলামের ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

ছবি: সিলেট ভিউ।

মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ), সিলেট-এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স ৪র্থ বর্ষ (২০২০–২০২১ শিক্ষাবর্ষ) অগ্রযাত্রা ১৭তম ব্যাচের বহুল প্রতীক্ষিত "Farewell Program–2026" অত্যন্ত আনন্দঘন, আবেগঘন ও স্মৃতিময় পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

গত ২১ জুলাই ২০২৬ (মঙ্গলবার) কলেজ ক্যাম্পাসে বিভাগের অডিটোরিয়ামে আয়োজিত এ বিদায়ী অনুষ্ঠানে বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, বর্তমান ও বিদায়ী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। চার বছরের দীর্ঘ পথচলার স্মৃতি, ভালোবাসা ও আবেগে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ইব্রাহিম আলী মাশুদ এবং ইসলামি সংগীত পরিবেশন করেন জাহেদ আহমদ। তাঁদের হৃদয়স্পর্শী পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। 

 

পুরো অনুষ্ঠান বাস্তবায়নের সার্বিক দায়িত্ব পালন করেন বিভাগের মেধাবী শিক্ষার্থী ও ব্যাচ প্রতিনিধি আশরাফুল ইসলাম দিদার সিরাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোমান তাওহীদ ও তাহমিনা ইসলাম শাম্মি, যাঁদের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

 

শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন সাজু, শাকিরা, শায়েখ উল্লাহ, তানজিনা চৌধুরী, মুহসিন, আজাদ, জামিয়া এবং সর্বশেষ কাওছার আহমদ। শিক্ষার্থীরা তাদের চার বছরের শিক্ষা-জীবনের নানান স্মৃতি, শিক্ষকদের স্নেহ-ভালোবাসা, সহপাঠীদের আন্তরিকতা এবং বিভাগের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসার অনুভূতি তুলে ধরেন। আবেগঘন এসব বক্তব্যে অনেকেই স্মৃতির পাতায় ফিরে যান।

 

অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁরা সততা, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য অর্জনের আহ্বান জানান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগের সুযোগ্য বিভাগীয় প্রধান প্রফেসর শাহ মোহাম্মদ জুলফাজলে। তিনি বলেন, “তোমরা যেখানেই থাকো, বিভাগের সুনাম অক্ষুণ্ণ রাখবে, মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখবে এবং আলোকিত মানুষ হিসেবে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করবে।”

 

শিক্ষার্থীদের পক্ষ থেকে সমাপনী বক্তব্য প্রদান করেন ব্যাচ প্রতিনিধি ও ইসলামের ইতিহাস ছাত্রকল্যাণ পরিষদের সহসভাপতি আশরাফুল ইসলাম দিদার সিরাজী। তিনি চার বছরের পথচলায় পাশে থাকা সম্মানিত শিক্ষক, সহপাঠী এবং অনুষ্ঠানের সফল বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সহপাঠীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান এবং আজীবন পারস্পরিক বন্ধন অটুট রাখার আহ্বান জানান।

 

পরবর্তীতে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভাগের সম্মানিত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া ফটোসেশন, সাংস্কৃতিক পরিবেশনা, শুভেচ্ছা বিনিময় এবং সকলের জন্য আপ্যায়নের আয়োজন অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। হাসি, আনন্দ, আবেগ ও বিদায়ের বেদনা মিলেমিশে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়।

 

দিনশেষে শিক্ষক-শিক্ষার্থী সবাই একে অপরের সঙ্গে স্মৃতিবিজড়িত মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। বিদায়ের বিষাদ থাকলেও নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা এবং আগামী দিনের সফলতার প্রত্যাশায় অনুষ্ঠানটি সকলের হৃদয়ে এক অনন্য স্মৃতি হয়ে থাকবে।

 

"Today we say farewell, tomorrow we lead the nation."—এই প্রত্যয়ে অগ্রযাত্রা ১৭তম ব্যাচ নতুন জীবনের পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১৩