প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ০০:০০ (বৃহস্পতিবার)
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধ র্ষ ণ মা*ম*লা

পটুয়াখালীর দুমকিতে আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের দীর্ঘদিনের বিরোধের জের ধরে ছেলের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা করা হয়েছে বলে দাবি করেছেন বাবা মো. লতিফ খান। ভিত্তিহীন ও হয়রানিমূলক দাবি করে মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেন তিনি।


বুধবার (২২ জুলাই) বিকেলে প্রেস ক্লাব দুমকির হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লতিফ খান অভিযোগ করেন, শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আল আমিন প্যাদা পূর্বপরিকল্পিতভাবে তার মাদ্রাসাপড়ুয়া ছেলে আবির হোসেনকে ভিকটিম দেখিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। তার ভাষ্য, থানায় অভিযোগ না করে সরাসরি আদালতে মামলা করা হয়েছে এবং মামলার সাক্ষীরাও বাদীপক্ষের ঘনিষ্ঠ।


তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে মামলা তুলে নেওয়ার শর্তে তার কাছে এক লাখ টাকা দাবি করা হচ্ছে। প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।


লতিফ খান দাবি করেন, তার ছেলে জিসান ব্রাজিল দলের সমর্থক এবং বাদীপক্ষ আর্জেন্টিনার সমর্থক। এ নিয়ে দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল; যার ধারাবাহিকতায় এ মামলা করা হয়েছে।


তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মামলার বাদী আল আমিন প্যাদা। তিনি জানান, ধর্ষণের ঘটনাটি সত্য এবং এর প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণ রয়েছে। থানায় মামলা নিতে গড়িমসি করায় তিনি আদালতের শরণাপন্ন হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন।


দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক