প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ০০:০২ (বৃহস্পতিবার)
এমইউ ল’ ক্লিনিকের উদ্যোগে ইসলামিক ইনহেরিটেন্স ল’ বিষয়ক কর্মশালা

আইন শিক্ষার্থীদের ইসলামী উত্তরাধিকার আইনের তাত্ত্বিক ভিত্তি, সম্পত্তি বন্ঠনের নীতিমালা এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে গভীর জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের লক্ষ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি (এমইউ) ল’ ক্লিনিকের উদ্যোগে “ÒUnderstanding Islamic Inheritance Principles and Practice” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


৯ জুলাই মেট্রোপলিটন ইউনিভার্সিটির কনফারেন্স রুমে সকাল সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত আয়োজিত এ কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্কুল অব ল’র ডিন প্রফেসর শেখ আশরাফুর রহমান। 

তিনি ইসলামী উত্তরাধিকার আইনের মৌলিক নীতিমালা, উত্তরাধিকারীদের অংশ নির্ধারণ, সম্পত্তি বন্ঠনের বিধান, সমসাময়িক বাস্তব চ্যালেঞ্জ এবং আইনের ব্যবহারিক প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে বিষয়ভিত্তিক নানা বাস্তব উদাহরণ তুলে ধরেন।


কর্মশালায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের প্রধান ড. এম. জেড. আশরাফুল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন আইন শিক্ষার্থীর জন্য ইসলামী উত্তরাধিকার আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি দেশের বিচারব্যবস্থা ও সমাজজীবনের একটি গুরুত্বপূর্ণ আইনগত ক্ষেত্র।


কর্মশালায় আইন ও বিচার বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- গাজী সাইফুল হাসান, মো. শের-ই-আলম, মিতু আক্তার, মো. সজিবুর রহমান, শরিফুল ইসলাম ও স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাডভাইজার মোহাম্মদ আলাউল হক। 

কর্মশালায় অংশগ্রহণকারীদের ইসলামী উত্তরাধিকার আইনের মৌলিক ধারণা, উত্তরাধিকার নির্ধারণের নীতিমালা, বাস্তব কেস বিশ্লেষণ, সম্পত্তি বণ্টন সংক্রান্ত জটিল সমস্যার সমাধান এবং ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়। প্রাণবন্ত ও ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্ব কর্মশালাটিকে আরও ফলপ্রসূ ও শিক্ষণীয় করে তোলে।


মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল’ ক্লিনিকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ ফজলে ইলাহী শিক্ষার্থীদের দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল আইন পেশাজীবী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 


বক্তারা বলেন, ইসলামী উত্তরাধিকার আইন সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন কেবল একজন আইন শিক্ষার্থীর একাডেমিক উৎকর্ষই বৃদ্ধি করে না, বরং ভবিষ্যতে দক্ষ আইনজীবী, বিচারক, গবেষক এবং আইন পেশাজীবী হিসেবে নিজেদের গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী আইনি দক্ষতা অর্জনে কার্যকর ভূমিকা রাখে।


বক্তারা আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল’ ক্লিনিক সময়োপযোগী কর্মশালা, সেমিনার, মুট কোর্ট, গবেষণা কার্যক্রম এবং জনসচেতনতামূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও আইনি জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি