প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ১৮:৪৩ (শনিবার)
জেলা প্রশাসকের কাছে যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

ছবি: ফাইল ছবি।

দোয়ারাবাজার উপজেলা সদরস্থ নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা সাইফুল রহমান।

 

অভিযোগে উল্লেখ করা হয়, ওই বিদ্যালয়ের তিনটি সরকারি ল্যাপটপের দুটি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এবং একটি নিজ বাসায় ব্যবহার করছেন প্রধান শিক্ষক আব্দুর রশিদ। এছাড়া রাজনৈতিক রোষানলে তার দাম্ভিকতায় অতীতে কোমলমতি অনেক শিশু ওই বিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়নি।

 

অভিযোগে আরও বলা হয়, বিগত দেড় যুগে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন খাতে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার না হওয়ায় দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ড তেমন পরিলক্ষিত হয়নি।

 

অভিযোগকারীর ভাষ্য মতে, প্রধান শিক্ষক আব্দুর রশিদ নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে একটি এনজিও সংস্থার (কাল্ব) কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তিনি ওই সংস্থার দোয়ারাবাজার উপজেলা সভাপতি। কিন্তু সরকারি কর্মচারী বিধিমালা ১৯৭৯ অনুযায়ী কোনো সরকারি চাকুরীজীবী কোনো এনজিও সংস্থার সাথে যুক্ত হওয়ার বিধান নেই। অথচ প্রধান শিক্ষক তা না মানায় শিক্ষার পরিবেশ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি তার তদারকির অভাবে সহকারী শিক্ষক-কর্মচারীদের কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে।

 

অভিযোগে আরও বলা হয়, অতীতে বিনা অনুমতিতে একাধিকবার বিদ্যালয়ে অনুপস্থিত থাকার মন্তব্য বিদ্যালয়ের পরিদর্শন বহিতে উল্লেখ রয়েছে।

 

স্থানীয় অনেক বাসিন্দার অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে।  কেননা প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেননা, যদিও আসেন এনজিও সংস্থার কাজে অফিসে সারাক্ষণ ব্যস্ত থাকেন। এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

 

জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুর রশিদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, দুটি ল্যাপটপ সারাক্ষণ বিদ্যালয়েই থাকে। আর একটি বাসায় রেখে প্রাতিষ্ঠানিক কাজ করা হয়। আর বিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনায় ওই এনজিও সংস্থায় সময় দেন বলে তিনি জানান।

 

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এনামুল হক মোল্লা জানান, জেলা প্রশাসক বরাবরে দায়েরকৃত অভিযোগপত্র আমাদের হাতে আসার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/ তাজুল/ এহিয়া-০৮