ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া বিষ্ফোরক মামলায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) ভোররাতে আখাউড়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাকিবুল হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার নুরপুর এলাকার আব্দু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. নাজমুস সাকিবের দিকনির্দেশনায় এবং আখাউড়া থানার কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মো. জাহেদুল কাদের, এসআই (নিরস্ত্র) সুমন কান্তি দে, এসআই (নিরস্ত্র) পুষন সাহা, এসআই (নিরস্ত্র) পরিমল চন্দ্র দাসসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। দীর্ঘদিন ধরে মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আখাউড়া থানার মামলা নং-১৫/২৩৪, তারিখ ১২ নভেম্বর ২০২৪, দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ৩২৩ ধারাসহ একাধিক ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ৪৭ নম্বর আসামি হিসেবে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
আখাউড়া থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পলাতক আসামিদের আইনের আওতায় আনা এবং বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবারই তাকে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১২
আইটি ল্যাব সলিউশন্স লি.