সবশেষ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা টানা দ্বিতীয় শিরোপা জিততে ব্যর্থ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটি এবং এর জনগণকে লক্ষ্য করে নজিরবিহীন সমালোচনা ও আক্রমণের ঢেউ ওঠে। বিষয়টি শুধু ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং দুই দেশের বিভিন্ন তারকা ও পরিচিত ব্যক্তিরাও এ নিয়ে আলোচনায় জড়িয়ে পড়েন।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে আলোচনায় আসেন। তিনি সাংবাদিক কনি আনসালদির প্রকাশিত একটি বার্তা পুনঃশেয়ার করেন, যেখানে আর্জেন্টিনার মানুষের আবেগ, ঐক্য এবং দেশের প্রতি ভালোবাসার কথা তুলে ধরা হয়। একই বার্তা শেয়ার করেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার স্ত্রী জর্জেলিনা কার্দোসোও।
বার্তাটিতে বলা হয়, ‘আর্জেন্টিনা পরিবারের মতো: আমাদের নিজেদের মধ্যে একে অপরকে গালিগালাজ দিতেই পারি। কিন্তু বাইরের কেউ যদি এসে আমাদের নিয়ে কিছু বলে, আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব।’ এই বক্তব্যের মাধ্যমে সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনাকে ঘিরে ছড়িয়ে পড়া সমালোচনা, ভুয়া তথ্য এবং বিদ্বেষপূর্ণ প্রচারণার বিরুদ্ধে একতার বার্তা তুলে ধরা হয়। প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের।
এর আগে, স্পেনের বিপক্ষে ফাইনালে পরাজয়ের পর আন্তোনেলা রোকুজ্জো স্বামী লিওনেল মেসিকে উদ্দেশ্য করে আবেগঘন একটি বার্তা লিখেছিলেন। তিনি বলেন, ‘তুমি সবসময়ই সেরা। শুধু তোমার প্রতিভার জন্য নয়, বরং সব পরিস্থিতিতেও নিজের মতো থাকার জন্য। কখনো হাল ছাড়ো না, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করো এবং সবসময় নিজের সর্বোচ্চটা দাও। তোমার মানসিক শক্তি, দৃঢ়তা এবং বারবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতাই তোমাকে অনন্য করে তুলেছে।’
তিনি আরও লেখেন, ‘তুমি প্রতিদিন আমাদের শেখাও, প্রকৃত সাফল্য আসে কঠোর পরিশ্রম, ত্যাগ, অধ্যবসায় এবং নিজের মূল্যবোধ অটুট রাখার মাধ্যমে। তুমি আমাদের সন্তানদের জন্য সেরা উদাহরণ এবং বিশ্বের কোটি মানুষের অনুপ্রেরণা। তোমাকে ভাষায় প্রকাশের চেয়েও বেশি শ্রদ্ধা করি এবং তোমার পাশে জীবন কাটাতে পেরে আমি গর্বিত। আমি তোমাকে অনেক ভালোবাসি।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৪
আইটি ল্যাব সলিউশন্স লি.