সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে ঢাকনাবিহীন টয়লেটের সেপটিক ট্যাংকে পড়ে আহবাফ হুমাইদি ইসরান (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় খেলাধুলার একপর্যায়ে অসতর্কতাবশত বাজারের একটি ঢাকনাবিহীন টয়লেটের সেপটিক ট্যাংকে পড়ে যায় শিশু আহবাফ। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাসার পাশে বাজারের একটি টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে আহবাফকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আহবাফ হুমাইদি ইসরান গাছবাড়ী বাজারের সাবেক পাহারাদার আহমদ আলীর ছেলে। সে স্থানীয় নারাইনপুর নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
এ মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাছবাড়ী উত্তর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাসির বলেন, “শুক্রবার সন্ধ্যায় শিশুটির বাবা ছেলেকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে বাসার পাশের একটি টয়লেটের সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে সে মারা যায়।”
সিলেটভিউ২৪ডটকম/ মাহবুব
আইটি ল্যাব সলিউশন্স লি.