প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ০০:০০ (রবিবার)
সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প

ছবি: এআই (প্রতিকী ছবি)।

সিলেট মহানগরীকে আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত শহরে রূপ দিতে একাধিক মেগা উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার। এমনকি শীগ্রই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

শনিবার (২৫ জুলাই) সিলেট সার্কিট হাউসে সড়ক ও জনপথ বিভাগ এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় এই তথ্য জানান।

 

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের একাধিক মেগা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সড়ক অবকাঠামোসংক্রান্ত সমস্যারও টেকসই সমাধান করা হবে।

 

এসময় তিনি জানান, সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। প্রকল্পগুলো সম্পন্ন হলে সিলেট আরও আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগরীতে পরিণত হবে। একই সঙ্গে জলাবদ্ধতা এবং সড়ক অবকাঠামোসংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্যারও কার্যকর সমাধান মিলবে।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে নগরীর ছড়াগুলো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। পাশাপাশি পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে নিয়মিত খাল খনন ও যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। পানির উৎস থেকে নদী পর্যন্ত প্রাকৃতিক প্রবাহ নিশ্চিত করতে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা গেলে বর্ষা মৌসুমে বন্যা ও জলাবদ্ধতার প্রকোপ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

 

এর আগে, জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট শহরের যানজট নিরসনেসিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাক্কাতুরা হয়ে টিবি গেট পর্যন্ত বিকল্প নতুন সড়ক নির্মাণ প্রকল্প এবং সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়ক প্রশস্তকরণের প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।  তিনি বলেন, এই প্রকল্পটি সিলেটবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। যা সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রধান সড়কগুলোর নির্মাণকাজ এবং চলমান উন্নয়ন প্রকল্প নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দ্রুত শেষ করতে হবে। যা বাস্তবায়িত হলে নগরীর যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরের জামান চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাগণ।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১১