প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ১৯:১৫ (সোমবার)
শান্তিগঞ্জে কবরস্থানে গাছে মিলল আলাউদ্দিনের ম*র*দেহ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের দক্ষিণ গাজীনগর পঞ্চায়েত কবরস্থান থেকে গাছে ঝুলন্ত অবস্থায় আলাউদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
 

রবিবার (২৬ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে দক্ষিণ গাজীনগর পঞ্চায়েত কবরস্থানের একটি মেরা গাছের ঢালে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
 

নিহত আলা উদ্দিন (৫৫) উপজেলার পাথারিয়া ইউনিয়নের দক্ষিণ গাজীনগর গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে পৌঁছে শান্তিগঞ্জ থানার এসআই মো. নুরুজ্জামান ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৯৩৯, তারিখ: ২৬ জুলাই ২০২৬) নথিভুক্ত করা হয়েছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‍‍‍‍“মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

 


সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-১১