ছবি: সিলেট ভিউ।
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকার সুরমা নদীরপাড় থেকে বিপুল পরিমান ইয়াবা বড়ি ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অভিযান দিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহাগরীর দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকার মৃত আবু তাহেরের ছেলে মো. আকবর হোসেন (৩৮), হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গুচ্ছগ্রাম, পানছড়ি মাঠ এলাকার মো. বজরু মিয়ার ছেলে মো. মোতালিব মিয়া (২২) এবং ময়মনসিংহ জেলার ভালুকা থানার বরাইদ, মেদোয়ারী এলাকার মো. মফিজ উদ্দীনের ছেলে মো. সাহিন (৩০)।
র্যাব জানায়, শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে র্যাব-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল সিলেটে মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা মসজিদ মার্কেটের পিছনে সুরমা নদীর পাড়ে অভিযান চালায়। এসময় ৩জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশী চালিয়ে সুরমা নদীর পাড়ের একটি ঘরের ভেতর খাটের তোশকের নিচে দুইটি কালো রঙের বায়ুরোধক পলি জিপারযুক্ত প্যাকেটের ভেতরে রাখা ২৯০ পিস ইয়াবা বড়ি ও একটি বাজারের ব্যাগের ভেতরে পলিথিনে রক্ষিত অবস্থায় ১.৫৫ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিরা জানায় যে, তারা পরস্পর যোগসাজসে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা বড়ি ও গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.