প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১৭:২৮ (মঙ্গলবার)
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ জানা গেল। চূড়ান্ত হওয়া তারিখ অনুযায়ী, আগামী ১০ আগস্ট একযোগে সব শিক্ষাবোর্ডের ফল প্রকাশ করা হবে।

 

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিব এবং জনসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ১০ আগষ্ট ২০২৬ তারিখে সারা বাংলাদেশে একযোগে প্রকাশ করা হবে। ফলাফল প্রাপ্তির নিয়মাবলি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
 

উল্লেখ্য, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের নিয়মানুযায়ী প্রথমে ২০ জুলাই ফল প্রকাশের অফিসিয়াল লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছিল। কিন্তু দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষা বোর্ডগুলো নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি। পরবর্তীতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফলাফল প্রস্তুতের নতুন সময়সীমা নির্ধারণ করার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে ৩০ জুলাই ফল প্রকাশের আরও একটি জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল।

অবশেষে আজ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ১০ আগস্ট তারিখটি নিশ্চিত করা হয়েছে।
 

এর আগে গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২০ জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।
 

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল ২০২৬ থেকে, পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।

দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১০