প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ২১:৫৭ (মঙ্গলবার)
বদলি-বাণিজ্যের অভিযোগে সাবেক পরিবেশ মন্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: আওয়ামী লীগের সাবেক বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, তার ছেলে জাকির হোসেন জুমন এবং সাবেক প্রধান বন সংরক্ষক আমির হোসাইনের বিরুদ্ধে বদলি-বাণিজ্য ও অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র চেয়ে সম্প্রতি প্রধান বন সংরক্ষকের কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম সোমবার এ তথ্য জানান।

দুদক সূত্রে জানা গেছে, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত বন ও পরিবেশবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শাহাব উদ্দিনের মেয়াদকালে বন অধিদপ্তরে নিয়োগ ও বদলি-সংক্রান্ত অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়েছে, ওই সময়ে সাবেক মন্ত্রীর ছেলে জাকির হোসেন জুমন, তৎকালীন প্রধান বন সংরক্ষক আমির হোসাইনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা একটি সিন্ডিকেটের মাধ্যমে বদলি-বাণিজ্য পরিচালনা করেন এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের সুযোগ তৈরি করেন।

এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে দুদক।

দুদকের চিঠিতে আমির হোসাইনের দায়িত্বকালীন বিভিন্ন রেঞ্জ ও বন চেকপোস্টে কর্মকর্তাদের পদায়নের অফিস আদেশ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগের বদলির আদেশ, বন বিভাগের বদলি নীতিমালা এবং বিভিন্ন বন বিভাগে দুই বছরের বেশি সময় কর্মরত কর্মকর্তাদের তালিকা চাওয়া হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন বন বিভাগ, সদর রেঞ্জ এবং ফরেস্ট চেক স্টেশনে কর্মরত কর্মকর্তাদের পদায়ন-সংক্রান্ত তথ্যও চেয়েছে দুদক।

সংস্থাটির অনুসন্ধানের অংশ হিসেবে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে বদলি-বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সিলেটভিউ৪ডটকম/লাভলু