বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে-এর নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ও ক্যাটারিং শিল্পের অন্যতম প্রতিনিধিত্বকারী এই সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন রোববার লন্ডনের একটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় সদস্যদের অংশগ্রহণে নতুন নির্বাচনে সংগঠনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অলি খান এমবিই।
সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন টিপু রহমান এবং চিফ ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়জুল হক।
নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী মেয়াদে সংগঠনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি যুক্তরাজ্যে বাংলাদেশি ক্যাটারিং ও রেস্টুরেন্ট শিল্পের স্বার্থ রক্ষায় কাজ করবেন।
এজিএমে সংগঠনের বিগত কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, শিল্পের বর্তমান চ্যালেঞ্জ এবং সদস্যদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, যুক্তরাজ্যের অর্থনীতিতে বাংলাদেশি রেস্টুরেন্ট ও ক্যাটারিং শিল্প দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এই শিল্পে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রির সাফল্যের পেছনে বাংলাদেশি উদ্যোক্তাদের ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
নবনির্বাচিত প্রেসিডেন্ট অলি খান এমবিই, সেক্রেটারি জেনারেল টিপু রহমান এবং চিফ ট্রেজারার ফয়জুল হক এক যৌথ বার্তায় সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা বলেন, সদস্যদের আস্থা, বিশ্বাস ও সমর্থনের মাধ্যমে এই দায়িত্ব গ্রহণ করতে পেরে তারা সম্মানিত ও অনুপ্রাণিত।
তারা আরও বলেন, নতুন জাতীয় নির্বাহী কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও কার্যকর, শক্তিশালী ও আধুনিক রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করা হবে। সদস্যদের কল্যাণ, ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ, নতুন উদ্যোক্তাদের সহযোগিতা, দক্ষ জনবল তৈরি, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং ব্রিটিশ কারি শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করাই হবে নতুন নেতৃত্বের অগ্রাধিকার।
নবনির্বাচিত নেতারা উল্লেখ করেন, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, ব্যবসায়িক ব্যয় বৃদ্ধি, দক্ষ কর্মীর সংকট এবং শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে সদস্যদের পাশে থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে শিল্পের টেকসই উন্নয়নে কাজ করা হবে।
সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অভিজ্ঞতা, দক্ষতা ও দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে আরও গতিশীল হবে এবং যুক্তরাজ্যে বাংলাদেশি ক্যাটারিং শিল্পের মর্যাদা, ঐক্য ও অগ্রযাত্রা আরও বেগবান হবে।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.