প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬ ০০:০০ (বুধবার)
ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ তরুণী

দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘ আড়াই বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ৫ বাংলাদেশি তরুণীকে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।


মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় তাদের হস্তান্তর করা হয়। এসময় বিএসএফ, বিজিবি ও দুদেশের পুলিশ নোম্যান্সল্যান্ডে উপস্থিত ছিলেন।


ফেরত আসা ৫ তরুণী হলো- বাগেরহাটের সামসুল হকের মেয়ে শিমু আক্তার (২৬), শারমিন খাতুন (৩০), টাঙ্গাইল জেলার মো. বাদশাহ মিয়ার মেয়ে পাপিয়া বাদশা (২৪), যশোর জেলার সিদ্দিক মিয়ার মেয়ে লাভলী খাতুন (২৫) এবং নড়াইল জেলার দুলাল মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৩)।


বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ফেরত আসারা দালালদের খপ্পরে পড়ে পাসপোর্ট-ভিসা ছাড়াই ভারতে যান। যাওয়ার পর সে দেশের পুলিশের কাছে আটক হয়ে প্রায় আড়াই বছর জেল খাটেন। পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যম বেনাপোল দিয়ে তারা দেশে আসেন।


যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কোয়ার্ডিনেটর মুহিত চৌধুরী বলেন, ফেরত আসাদের যশোর শেল্টারহোমে রেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক