প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ১৪:৩২ (বৃহস্পতিবার)
সিলেটে সড়কে প্রাণ গেল স্কুল শিক্ষকের

ছবি: সিলেটভিউ।

সিলেট মহানগরীর মিরের ময়দান এলাকায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে।

 

নিহত শিক্ষক মুরাদ আহমেদ (৫৯)। তিনি সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন কেওয়াপাড়া এলাকার ইসমাইল টাওয়ারের বাসিন্দা।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার সিলেট মহানগরীর মিরের ময়দান এলাকার ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি সিএনজিচালিত অটোরিকশার আঘাতে এক শিক্ষক গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির। তিনি বলেন, নিহত শিক্ষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 


সিলেটভিউটুয়েন্টিফোরডটকম/ এহিয়া-০১