প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ১৮:০০ (শুক্রবার)
বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাবরক্ষক রেজাউল ইসলামের শেষ কর্মদিবসের স্মৃতিচারণ অনুষ্ঠান সম্পন্ন

মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাবরক্ষক মো. রেজাউল ইসলাম মিন্টুর শেষ কর্মদিবস উপলক্ষে স্মৃতিচারণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুস সবুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক জসিম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এমসি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কামরান আহমদ চৌধুরী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবির এবং সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম. এম. আতিকুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক বিধান চন্দ্র দাস, হৃশিকেশ দাস, এ কে এম শফিউল আলমসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের হিসাবরক্ষকের পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন সুষ্ঠু, সুন্দর ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মো. রেজাউল ইসলাম মিন্টু কলেজের জন্য যে অনন্য অবদান রেখেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, এখনো বড়লেখা সরকারি ডিগ্রি কলেজকে আমার নিজের কলেজ মনে হয়। একটি এমসি কলেজ, আরেকটি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ। বড়লেখার প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছি, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি। কলেজের উন্নয়নে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি বড়লেখার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুস সবুর বলেন, বিদায়ী হিসাবরক্ষক মো. রেজাউল ইসলাম মিন্টু কলেজের জন্য অনন্য অবদান রেখে গেছেন। তিনি তাঁর অবসরজীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করেন। একই সঙ্গে তিনি চার দশকের অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে মো. রেজাউল ইসলাম মিন্টু আগামী দিনেও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অগ্রগতিতে পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আশা প্রকাশ করেন। 

সিলেটভিউ২৪ডটকম/লাভলু