প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬ ২১:৩০ (শনিবার)
সীমানার বাইরে যে খনিজ সম্পদ উত্তোলনের অভিযোগে প্রশাসনের অভিযান

ছবি: সিলেট ভিউ।

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের নয়াগাঁও মৌজায় সুরমা নদীর বালুমহালে সীমানার বাইরে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। তবে সরেজমিন পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

 

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা থেকে পৌনে ৫টা পর্যন্ত বালুমহালের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারগুলো নির্ধারিত ডিমার্কেশনের মধ্যেই অবস্থান করছে বলে দেখা যায়।

 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, নির্দিষ্ট সীমানার বাইরে বালু উত্তোলনের অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই করতে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরেজমিনে গিয়ে অভিযোগের সঙ্গে মিল পাওয়া যায়নি। ইজারাদার কর্তৃক ব্যবহৃত সব ড্রেজারই নির্ধারিত সীমানার মধ্যে ছিল।

 

এ বিষয়ে অভিযোগকারী ও স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার সারাদিন ড্রেজারগুলো জকিগঞ্জ অংশের মধ্যেই বালু উত্তোলন করছে। তাছাড়া ড্রেজারগুলো নির্ধারিত সীমানার বাহিরে বালু উত্তোলন করলে সাথে সাথে প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়।

 

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ বলেন, ‘ইজারাদার কর্তৃক বালু উত্তোলন কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। ইজারার শর্ত লঙ্ঘন করে বা নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলন করলে ইজারাদারের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১১