ছবি: প্রতিকী ছবি।
সুনামগঞ্জের দিরাই উপজেলায় জেলা মহিলা দলের কিশোরী ফুটবলার বনফুল আক্তার (১২) ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে আবুল কালাম (৫০) ও আবুল কালামের ছেলে বাদশা মিয়া (১৯)।
জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) ভোরে উপজেলার শ্যামারচর এলাকার পেরুয়া গ্রামে অনুশীলনের (প্র্যাকটিস) সময় বনফুল আক্তারের ওপর হামলার ঘটনা ঘটে। পূর্ববিরোধের জের ধরে কয়েকজন নারী-পুরুষ তাকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বনফুলের পরিবারের পক্ষ থেকে দিরাই থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কিশোরী ফুটবলারের ওপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.