প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬ ০০:০০ (রবিবার)
সিলেটের যে উপজেলায় হচ্ছে নতুন রেলপথ

ছবি: এআই।

সিলেট জেলার একটি উপজেলায় রেলপথ নির্মাণের জন্য স্থান যাচাই-বাছাইয়ে সিলেট সফর করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতিনিধি দল।  শনিবার (১ আগস্ট) শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এই প্রতিনিধি দলটি প্রস্তাবিত সিলেট-জাফলং রেলপথ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা সরেজমিন পর্যবেক্ষণ করে।

 

জানা যায়,  শনিবার (১ আগস্ট) শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের প্রতিনিধি দল সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকা পরিদর্শন করেন। এর আগে দুপুরে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনযোগে সিলেটে পৌঁছান প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক। সিলেটে পৌঁছানোর পর তাঁরা সড়কপথে জাফলংয়ের উদ্দেশে রওনা হন। সেখানে গিয়ে সিলেট-জাফলং রুটে রেলপথ চালু হওয়ার প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন।

 

এদিন ঢাকা থেকে সিলেট আসার পথে সকাল ১১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশনে রেলওয়ে অবকাঠামো ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন তারা। এরপর কমলগঞ্জের ভানুগাছ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির সময় মন্ত্রী ও সঙ্গে থাকা কর্মকর্তারা ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের সঙ্গে কথাও বলেন। এ সময় স্থানীয়রা রেলসেবার নানা সীমাবদ্ধতা ও সমস্যার কথা তুলে ধরলে মন্ত্রী দ্রুত সমাধানের আশ্বাস দেন।

 

এর আগে সিলেট জেলা প্রেসক্লাবের ফল উৎসবে এসে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক বলেছিলেন, ‘সিলেট থেকে জাফলং পর্যন্ত রেলপথ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে এর সম্ভাব্যতা যাচাই করা হবে। এরপর প্রকল্প বাস্তবায়নে পূর্ণাঙ্গ সম্ভাব্যতা সমীক্ষা চালানো হবে বলে জানান তিনি।’

 

এসময় তিনি আরও বলেছিলেন, ‘সিলেট-জাফলং রুটে রেলপথ চালু হলে পণ্য পরিবহনের খরচ কমার পাশাপাশি পর্যটকদের যাতায়াতও সহজ হবে। বিশেষত জাফলং এলাকার পাথর ও অন্যান্য পণ্য পরিবহনে এই রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৭