যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একটি নতুন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে। শুক্রবার প্রকাশিত ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই কর্মসূচির আওতায়, প্রধানত আফ্রিকার ৫০টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের বি১ (ব্যবসা) ও বি২ (পর্যটন) ভিসার জন্য আবেদন করার সময় সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে ভিসা দেওয়ার শর্ত হিসেবে আবেদনকারীদের নির্ধারিত অঙ্কের বন্ড জমা দিতে বলতে পারবেন। এই বন্ডের পরিমাণ সর্বোচ্চ ২০ হাজার ডলার হতে পারে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২০২৫ সালের ভিসা বন্ড পাইলট কর্মসূচি সফল হওয়ায় এটি স্থায়ী করা হচ্ছে।
পরীক্ষামূলক এই কর্মসূচির ফলাফল দেখিয়েছে, ভিসাধারীদের নিয়ম মেনে চলা নিশ্চিত করতে বন্ড ব্যবস্থা কার্যকর হতে পারে। পাইলট কর্মসূচিতে কনস্যুলার কর্মকর্তারা ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড চাইতে পারতেন। তবে নতুন নিয়মে ৫ হাজার ডলারের বিকল্প বাদ দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ বন্ডের পরিমাণ ২০ হাজার ডলার করা হয়েছে। নতুন নিয়ম ৩ আগস্ট থেকে কার্যকর হবে।
এটি ফেডারেল রেজিস্টারে প্রকাশের দিন থেকেই কার্যকর হবে। এই কর্মসূচি ৫০টি দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মধ্যে ৩০টি দেশ আফ্রিকা মহাদেশের। এ ছাড়া, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ও ভুটানের নাম তালিকায় রয়েছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, নতুন ভিসা বন্ড নীতির লক্ষ্য হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ যাতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান না করেন, তা নিশ্চিত করা।
তবে অভিবাসন অধিকারকর্মীরা বলছেন, এই নীতি বৈধভাবে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক অনেক মানুষকে নিরুৎসাহিত করবে।
তাদের অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি বাকস্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার ক্ষুণ্ন করছে। পাশাপাশি এটি জাতিগত সংখ্যালঘুদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করছে এবং বৈষম্যমূলক আচরণকে উৎসাহিত করছে।
অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা জোরদার করতে এসব পদক্ষেপ প্রয়োজন। ট্রাম্প অবৈধ অভিবাসন ঠেকানোর কথা বললেও, তার প্রশাসন বৈধ অভিবাসনও আরো কঠিন করে তুলেছে। এর মধ্যে রয়েছে কিছু ভিসা আবেদনকারীর জন্য নতুন ও বেশি ফি নির্ধারণ এবং ভিসা আবেদনকারী ও যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য যাচাই বাধ্যতামূলক করা।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৬
আইটি ল্যাব সলিউশন্স লি.