প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬ ০০:০০ (রবিবার)
আ.লীগের মশাল মিছিলে পুলিশের ধাওয়া, গ্রে প্তা র ৯

রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিলে ধাওয়া করে ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
 

শনিবার দুপুরে ঢাকার সাভার মডেল থানায় সদ্য যোগদানরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার সালেহপুর ব্রিজ সংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
 

গ্রেপ্তার নয়জন হলেন- রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), ইকবাল (৪০), সামিউল ইসলাম (১৯), শফিকুল ইসলাম খান ইদ্রিস (৩০), রিপন (৩০), ইব্রাহিম (৪৫), ওয়ালিউর রহমান শিবলী(৪০) ও রমজান (৩০)।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৮০-৯০ জন নেতাকর্মীরা মশাল মিছিল করছিল। পরে খবর পেয়ে পুলিশ মিছিলটিকে ধাওয়া করে। এসময় নয়জনকে আটক করে পুলিশ। পরে আটককৃতদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, মশাল মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৮