ইউরোপের বিভিন্ন দেশে ১০ লাখ ইউরো (প্রায় ১৪ কোটি টাকার বেশি) মূল্যের একটি বাড়ি কিনতে জাতীয় গড় আয়ের চেয়ে অনেক বেশি বেতন প্রয়োজন। নতুন বিশ্লেষণে দেখা গেছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো দেশেই একজন গড় আয়ের কর্মীর বেতন দিয়ে এমন বাড়ির মাসিক কিস্তি পরিশোধ করা সম্ভব নয়।
ইউরোনিউজ বিজনেসের বিশ্লেষণে ধরা হয়েছে, ক্রেতা বাড়ির মূল্যের ২০ শতাংশ বা ২ লাখ ইউরো ডাউন পেমেন্ট দেবেন। বাকি ৮ লাখ ইউরো ৩০ বছরের জন্য ৩ দশমিক ৫ শতাংশ স্থির সুদে ঋণ নেওয়া হবে। এছাড়া মাসিক আয়ের সর্বোচ্চ ৩৩ শতাংশ মর্টগেজ বা ঋণের কিস্তি পরিশোধে ব্যয় করা হবে।
এই হিসাবে প্রতি মাসে মর্টগেজের কিস্তি দাঁড়ায় প্রায় ৩ হাজার ৫৯২ ইউরো। অর্থাৎ এমন বাড়ি কিনতে হলে বছরে অন্তত ১ লাখ ৩০ হাজার ৬৩১ ইউরো বা মাসে প্রায় ১০ হাজার ৮৮৬ ইউরো আয় করতে হবে।
প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ
কোন দেশে সবচেয়ে বেশি বেতন প্রয়োজন?
বিশ্লেষণে দেখা গেছে, বুলগেরিয়ায় ১০ লাখ ইউরোর বাড়ি কিনতে একজন ব্যক্তির জাতীয় গড় আয়ের প্রায় ৭ দশমিক ৮ গুণ আয় প্রয়োজন। এরপর রয়েছে গ্রিস (৭.২ গুণ), হাঙ্গেরি (৬.৭ গুণ), স্লোভাকিয়া (৬.৩ গুণ), পোল্যান্ড ও রোমানিয়া (৫.৮ গুণ), লাটভিয়া (৫.৭ গুণ), চেকিয়া, পর্তুগাল ও ক্রোয়েশিয়া (প্রতিটিতে ৫.২ গুণ)।
অন্যদিকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে লুক্সেমবার্গ। সেখানে এমন একটি বাড়ি কিনতে জাতীয় গড় আয়ের মাত্র ১ দশমিক ৬ গুণ আয় হলেই চলে। এরপর রয়েছে ডেনমার্ক (২.১ গুণ), আয়ারল্যান্ড (২.৩ গুণ), বেলজিয়াম (২.৪ গুণ), অস্ট্রিয়া (২.৫ গুণ), নেদারল্যান্ডস (২.৬ গুণ), জার্মানি (২.৭ গুণ), ফিনল্যান্ড ও সুইডেন (২.৮ গুণ)।
ইউরোপের চার বৃহৎ অর্থনীতির মধ্যে জার্মানিতে পরিস্থিতি তুলনামূলক ভালো। সেখানে প্রয়োজন গড় আয়ের ২.৭ গুণ। ফ্রান্সে ৩.১ গুণ, স্পেনে ৪ গুণ এবং ইতালিতে ৪.১ গুণ আয় প্রয়োজন।
দুইজন গড় আয়ের মানুষ মিলেও কঠিন
যদি স্বামী-স্ত্রী বা দুইজন কর্মজীবী ব্যক্তি উভয়েই জাতীয় গড় বেতন পান, তাহলেও বেশিরভাগ দেশে ১০ লাখ ইউরোর বাড়ি কেনা কঠিন।
বিশ্লেষণ অনুযায়ী, ইইউর মধ্যে শুধু লুক্সেমবার্গেই দুইজন গড় আয়ের মানুষের সম্মিলিত আয় দিয়ে নির্ধারিত মর্টগেজ কিস্তি পরিশোধ করা সম্ভব। ডেনমার্ক এ ক্ষেত্রে সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকলেও প্রয়োজনীয় আয়ের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে। আয়ারল্যান্ড ও বেলজিয়ামেও দুইজনের গড় আয় যথেষ্ট নয়।
গড় বেতনের বড় পার্থক্য
২০২৫ সালের ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ইউরোপে গড় মাসিক বেতনের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। লুক্সেমবার্গে গড় মাসিক বেতন ৬ হাজার ৭১৩ ইউরো, যা ইউরোপে সর্বোচ্চ। অন্যদিকে বুলগেরিয়ায় এটি মাত্র ১ হাজার ৩৯৮ ইউরো।
ডেনমার্ক, আয়ারল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া ও নেদারল্যান্ডসেও গড় মাসিক বেতন ৪ হাজার ইউরোর বেশি। বিপরীতে বুলগেরিয়া, গ্রিস, হাঙ্গেরি, স্লোভাকিয়া, পোল্যান্ড, রোমানিয়া ও লাটভিয়ায় গড় বেতন ২ হাজার ইউরোরও কম।
ইউরোপে বেতন কত, একটি বাড়ি কিনতে কত টাকা লাগে?
কিস্তি পরিশোধে বড় ঘাটতি
প্রতিবেদনে বলা হয়েছে, যেহেতু আয়ের মাত্র এক-তৃতীয়াংশ মর্টগেজ পরিশোধে ব্যয় করার হিসাব ধরা হয়েছে, তাই কোনো ইইউ দেশেই একজন গড় আয়ের কর্মীর পক্ষে একা ১০ লাখ ইউরোর বাড়ির কিস্তি পরিশোধ করা সম্ভব নয়।
উদাহরণ হিসেবে বুলগেরিয়ায় গড় বেতনের এক-তৃতীয়াংশ মাত্র ৪৬১ ইউরো, অথচ মাসিক কিস্তি ৩ হাজার ৫৯২ ইউরো। ফলে প্রতি মাসে ৩ হাজার ১৩১ ইউরোর ঘাটতি থেকে যায়। এমনকি সবচেয়ে বেশি বেতনের দেশ লুক্সেমবার্গেও গড় বেতনের এক-তৃতীয়াংশ দাঁড়ায় ২ হাজার ২১৫ ইউরো। এটি প্রয়োজনীয় কিস্তির চেয়ে প্রায় ১ হাজার ৩৭৭ ইউরো কম।
ইউরোপের অনেক দেশে ১০ লাখ ইউরোর বাড়ি ধনীদের জন্য কেনা স্বাভাবিক। তবে সাধারণ চাকরিজীবীদের জন্য তা এখনো অনেকটাই নাগালের বাইরে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৬
আইটি ল্যাব সলিউশন্স লি.