ছবি: ফাইল ছবি।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হালিমা খাতুন (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম এলাকার একটি বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রবিবার (২ আগস্ট) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত হালিমা খাতুন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আছাব মিয়ার মেয়ে। জগন্নাথপুর উপজেলার হাড়গ্রামের মালয়েশিয়া প্রবাসী সুনু মিয়ার স্ত্রী।
পরিবারের বরাতে পুলিশ জানায়, প্রায় চার মাস আগে পারিবারিকভাবে হালিমা খাতুনের সাথে জগন্নাথপুর উপজেলার হাড়গ্রামের মালয়েশিয়া প্রবাসী সুনু মিয়ার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই সুনু মিয়া কর্মস্থল মালয়েশিয়ায় ফিরে যান। এরপর থেকে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে হালিমার বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। প্রতিদিনের মতোই দিন চলছিল। কিন্তু শনিবার বিকেলে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তারা জানালা দিয়ে ঘরের ভেতরে তাকিয়ে হালিমাকে শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের চাচা সিরাজ মিয়ার অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের বিভিন্ন বিষয় নিয়ে হালিমাকে শ্বশুরবাড়ির লোকজন মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত। তার দাবি, যৌতুকের কারণেই হালিমাকে হত্যা করা হয়েছে।
এদিকে, ঘটনার পর নিহতের স্বজনরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করলে দুই পরিবারের মধ্যে উত্তেজনা ও বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজমুদ্দিন বলেন, মেয়ের পরিবারের সদস্যরা ঘটনাটিকে হত্যা বলে অভিযোগ করলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং পুলিশকে মরদেহ উদ্ধার করে নিয়ে যেতে সহায়তা করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.