এ.জে লাভলু, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু। শুক্রবার (৩১ জুলাই) রাত আটটায় বড়লেখা প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় শরীফুল হক সাজু বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করি। কখনও ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতি করিনি। বড়লেখার মানুষের কথা চিন্তা করে, এলাকার উন্নয়নের জন্য, মানুষের পাশে থাকার জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য রাজনীতি করি। তাঁর ভাষায়, রাজনীতিতে আমার কোনো চাওয়া-পাওয়ার নেই। এটা আমার কাছে ইবাদত। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যাণে রাজনীতি করে যেতে চাই।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মাধ্যমে আমরা রাজনীতি করি। আপনারা চাইলে একজন নেতাকে জাতীয় নেতায় পরিণত করতে পারবেন। আবার তার দুর্নীতি তুলে ধরার মধ্যমে তার মুখোশ উন্মোচন করতে পারেন। আপনারা চাইলে লেখনির মাধ্যমে বড়লেখাকে আধুনিক শহরে রূপান্তর করতে পারবেন। একজন জনপ্রতিনিধির পক্ষে এগুলো সম্ভব নয়। শুধু আপনারা সাংবাদিকরা চাইলে তা সম্ভব।
বিএনপির এই নেতা বলেন, দলের কমী-সমর্থকসহ সাধারণ মানুষ চেয়েছিলেন আমি যেন নির্বাচন করি। দল হয়ত মনে করেছে, এখন হয়ত আমার সময় হয়নি। ভবিষ্যতে দল আমাকে উপযুক্ত মনে করলে দায়িত্ব দেবে। আর দায়িত্ব না পেলেও মানুষের পাশে থেকে রাজনীতি চালিয়ে যেতে কোনো বাধা নেই। তিনি বলেন, তাঁর বাবা হাজী সামছুল হকের নামে প্রতিষ্ঠিত হাজী সামছুল হক ফাউন্ডেশন-এর মাধ্যমে এলাকার মানুষের উন্নয়নে কাজ করার চেষ্টা করছেন। পাশাপাশি রাজনৈতিকভাবেও মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। সাংবাদিকদের সহযোগিতা পেলে আরও বড় পরিসরে জনকল্যাণমূলক কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বড়লেখা প্রেসক্লাব প্রসঙ্গে শরীফুল হক সাজু বলেন, তিনি এমন একটি আধুনিক প্রেসক্লাব দেখতে চান, যেখানে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এসে নিজেদের কথা বলতে পারবেন, পরামর্শ পাবেন এবং একটি ইতিবাচক পরিবেশ অনুভব করবেন। তিনি প্রেসক্লাবের স্থায়ী ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে বলেন, এ কাজে ব্যক্তিগত বা সরকারি-যেকোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে তিনি তা করতে প্রস্তুত।
সভায় বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রবের সঞ্চালানায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, সহসভাপতি সাংবাদিক খলিলুর রহমান, সদস্য লিটন শরীফ, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, সদস্য মস্তফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন, সিরাজুল ইসলাম রিপন, আশফাক আহমদ ও ফয়ছল মাহমুদ।
সভায় উপস্থিত সাংবাদিকরা শরীফুল হক সাজুর বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান। তারা বলেন, শরীফুল হক সাজু শুধু দলের নেতাকর্মীদের জন্যই কাজ করেন না, দলীয় পরিচয়ের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের সুখ-দুঃখ, বিপদ-আপদ ও সংকটের সময়ও তিনি আন্তরিকভাবে পাশে দাঁড়ান। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তাঁর সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকে। তাঁর মানবিক কাজগুলো সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁকে দেখে অন্যদেরও মানবসেবায় এগিয়ে আসা এবং মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা নেওয়া উচিত। সাংবাদিকরা আরও বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এমন কাজ যত বেশি ছড়িয়ে পড়বে, ততই সমাজে সহমর্মিতা ও সৌহার্দ্যের পরিবেশ আরও শক্তিশালী হবে।
এ সময় সাংবাদিকরা শরীফুল হক সাজুকে বড়লেখা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য করার প্রস্তাব দেন। এ প্রস্তাবে কৃতজ্ঞতা প্রকাশ করে শরীফুল হক সাজু বলেন, প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হিসেবে আমাকে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে আমি সত্যিই আনন্দিত। তবে আমাকে আজীবন দাতা সদস্য করা হোক বা না হোক, অতীতের মতো মৃত্যুর আগ পর্যন্ত আমি বড়লেখা প্রেসক্লাব ও সাংবাদিকদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, মৌলভীবাজার জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব, বড়লেখা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাসান আহমদ, বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান, সহসাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, বড়লেখা পৌর বিএনপির নেতা সাইফুল ইসলাম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক জালাল আহমদ, জেলা ছাত্রদলের নেতা আবু তাহের, উপজেলা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, সাবেক সরকারি কলেজ ছাত্রদলের নেতা জাফর আহমদ এবং ইউনিয়ন ছাত্রদলের নেতা আব্দুস সামাদ আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সিলেটভিউ২৪ডটকম/এজেএল
আইটি ল্যাব সলিউশন্স লি.