প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬ ০১:১৫ (সোমবার)
জুলাই আন্দোলনে তরুণদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: এমপি জহরত আদিব চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণদের সাহস, সংগ্রাম এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করে সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণদের সাহসিকতা, আত্মত্যাগ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তরুণ প্রজন্মের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। 

তিনি রোববার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের বিএএফ ঘাঁটি বাশারের এস্পিরিয়ান হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ‘জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়: সাহস, সংগ্রাম ও আত্মত্যাগ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তরুণ প্রজন্মের অবদান জাতির ইতিহাসে গৌরবের অংশ হয়ে থাকবে। নতুন প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্বশীল নেতৃত্বের চর্চায় এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গঠনে তরুণদের নেতৃত্ব বিকাশ এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ, এমপি।

এছাড়া আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা, গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ রাষ্ট্রগঠনে তাদের করণীয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তরুণদের গণতান্ত্রিক চর্চা, দেশপ্রেম ও দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সিলেটভিউ২৪ডটকম/লাভলু