ছবি: ফাইল ছবি।
সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চলতি বছরে সিলেটে ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। তবে সংশ্লিষ্টরা বলছেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, সিটি করপোরেশন এলাকায় এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। তবে মশক নিধন কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হচ্ছে।
সিলেট জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, সিলেটে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে জ্বরের রোগীদের জন্য বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। লার্ভা শনাক্তকরণ কার্যক্রম এবং জনসচেতনতামূলক কার্যক্রমও চলমান রয়েছে। তিনি জ্বর দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দেন।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত/ এহিয়া-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.