অদক্ষতা ও বাইরের লোক দিয়ে কাজ করানোর দায়ে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) সকালে গাজীপুর জেলা প্রশাসক আকস্মিক পরিদর্শনে এসে তাদের বরখাস্ত করেছেন।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- কাশিমপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীল।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে বিভিন্ন দীর্ঘদিন ধরেই অনিয়ম ও দায়িত্বের অবহেলার অভিযোগ উঠেছিল। জেলা প্রশাসক গাজীপুরে যোগদান করার পর থেকেই আকস্মিক বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শুরু করেন। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। এ সময়ে সরকারি দাপ্তরিক কাজ বাইরের লোকজন বা দালালদের মাধ্যমে করানো হচ্ছে।
পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়াসহ একাধিক অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ওই চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোহেল রানা, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হাসিবুর রহমানকে নিয়ে ভূমি অফিস দেখতে বের হয়েছি। প্রথমে আমরা কাশিমপুর ভূমি অফিসে যাই। সেখানে গিয়ে আমরা দেখতে পাই, ওই অফিসে যারা আছে তারা কাজের উপযুক্ত নয়। তারা কোনো কাজই প্রকৃত নিয়ম মেনে করছে না।
তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে অনেক মানুষের অভিযোগ রয়েছে, সেই অভিযোগের আলোকে কাগজপত্র যাচাই-বাছাই করে ব্যাখা চাইলে তারা ব্যাখ্যা দিতে পারেনি। কোনো কাগজপত্র দেখাতে পারেনি, নামজারিদের সফটওয়্যার আছে সেটিও দেখাতে পারেনি। এসব কারণেই ওখানে যে সকল কর্মকর্তা কর্মচারী ছিল সবাইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া সফিপুর ভূমি অফিসে গিয়েছিলাম, সেখানে তাদের কিছু দিক-নির্দেশনা দিয়েছি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.