ছবি: সংগৃহিত
মাদ্রাসা ছাত্রীটিকে যাতায়াতের পথে প্রায়ই উত্যক্ত করতেন আইয়ুব আলী। দিতেন অনৈতিক প্রস্তাব। মেয়েটি রাজি না হওয়ায় এবং আইয়ুবের অপকর্ম প্রকাশ হয়ে পড়লে সে ক্ষিপ্ত হয়ে তাকে অপহরণ করে। তবে শেষ রক্ষা হয়নি। ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং আইয়ুবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব-৯।
মঙ্গলবার (৪ আগস্ট) বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জের ছাতক থানার ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার ও আইয়ুবকে গ্রেপ্তার করা হয়।
আইয়ুব আলী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার ঝালুরচর এলাকার মো. মকছেন আলীর ছেলে।
র্যাব জানায়, ভিকটিম ওই মাদ্রাসা ছাত্রীটি জামালপুর জেলার দেওয়াগঞ্জ থানার একটি মাদ্রাসায় নবম শ্রেণীতে অধ্যয়নরত। মাদ্রাসায় যাতায়াতের পথে তাকে প্রায়ই উত্যক্ত করতেন আইয়ুব আলী। দিতেন কুপ্রস্তাব। এতে অতিষ্ঠ হয়ে মেয়েটির পিতা আইয়ুব আলীর পিতাকে অবগত করলে তারা সবাই ক্ষিপ্ত হয়ে উঠেন। গত ২৩ জুলাই সকাল ৬টার দিকে মেয়েটি মক্তবে কোরআন শিক্ষা শেষে বাড়ি ফেরার পথে পাকা রাস্তার উপর পৌঁছামাত্র পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আইয়ুব আলী তাকে জোর করে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এসময় মেয়েটি চিৎকার করলে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করেন এবং তার পিতাকে জানান। এ ব্যাপারে তিনি দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা (নং ২৩/৩১/৭/২৬) দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অবশেষে মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারী আইয়ুবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করতে তাদের দু’জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.