প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬ ০০:০০ (বুধবার)
বাংলাদেশের ওমরাহ যাত্রীদের জন্য সৌদি আরবের নতুন সিদ্ধান্ত

বাংলাদেশসহ চার দেশের ওমরাহ যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সৌদি আরব। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত ও মিসরের ওমরাহ যাত্রীদের ক্ষেত্রে রবিউল আউয়াল মাসের ১ তারিখ থেকে এই নির্দেশনা কার্যকর হবে।
 

মঙ্গলবার দ্য নিউজ পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন নীতির আওতায় ওমরাহ ভিসা পেতে হলে প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলক ‘নুসুক’ ফুড ভাউচার কিনতে হবে। এর মূল্য প্রতিদিন প্রায় ২০ সৌদি রিয়াল। এই অর্থ সরাসরি ওমরাহ ভিসার মোট ফির সঙ্গে যুক্ত করা হবে।
 

নতুন ব্যবস্থায় ওমরাহযাত্রীদের হোটেল বুকিং, পরিবহন, খাবারসহ বিভিন্ন সেবা একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সমন্বয় করা হবে।

এ উদ্যোগের অংশ হিসেবে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে নুসুক অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রতিটি ওমরাহযাত্রীর ভিসার সঙ্গে একটি স্বতন্ত্র কোড যুক্ত থাকবে। ওই কোড ব্যবহার করে অনুমোদিত খাবারের দোকান ও রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করা যাবে।
 

ওমরাহযাত্রীদের জন্য মানসম্মত ও সুশৃঙ্খল খাবার সরবরাহ নিশ্চিত করাই নতুন এই উদ্যোগের মূল লক্ষ্য।

একই সঙ্গে অনিবন্ধিত সেবা প্রদানকারীদের কার্যক্রম নিরুৎসাহিত করা। তবে নতুন নিয়মের কারণে ওমরাহ প্যাকেজের মোট খরচ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৭