প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬ ১৭:০৬ (বৃহস্পতিবার)
নির্বাচিত সরকার হাসিনার ফাঁ*সি*র আদেশ দিয়েছে: প্রতিমন্ত্রী হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘অনেকে বলেন এই দুই বছরে বিচার হয়নি কথাটি সত্য। কিন্তু ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে কোনো রায় হয়নি। তবে নির্বাচনের পর নির্বাচিত সরকার হাসিনার ফাঁসির আদেশ দিয়েছে।’
 

বুধবার (৫ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনসহ সব অন্যায়ের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে, কেউ পালাতে পারবে না। তবে নিরীহ মানুষের প্রতি কোনো অন্যায় করা যাবে না। বিচারব্যবস্থাকে প্রতিহিংসার নয়, ন্যায়বিচারের ভিত্তিতে পরিচালিত হতে হবে।’
 

তিনি আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এসেছে। তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। অনেকেই বলেন, হাসিনা মে মাসে আসবেন, আবার কেউ বলেন ডিসেম্বরে আসবেন। কিন্তু কোন সালের মে বা ডিসেম্বরে আসবেন, তা কেউ বলেন না। তার সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে ফেরার সুযোগ নেই। আত্মসমর্পণ ছাড়া তার ফিরে আসার কোনো উপায় নেই।’

জুলাই সনদ নিয়ে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সংসদের দক্ষিণ প্লাজায় একটি রাজনৈতিক দল ছাড়া প্রায় সবাই স্বাক্ষর করেছে। তারেক রহমান যে কথা বলেছেন তা বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে ১৭ সদস্যের সংবিধান সংস্কার কমিটি গঠন করা হয়েছে এবং ইতোমধ্যে তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে বিএনপির সাতজন, বিভিন্ন দলের পাঁচজন এবং জামায়াতে ইসলামীর পাঁচজন সংসদ সদস্য রয়েছেন। কমিটির প্রস্তাবের বিষয়ে জামায়াত জানিয়েছে, তারা প্রস্তাব প্রণয়নের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে চায় না।’
 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিনেটে সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ ও শহীদ তরুয়ার পরিবারের সদস্যদের বিশ্ববিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করা হবে। এ বিষয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দুই বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
 

সকালে উদ্ধোধন ও বিজয় র‍্যালির মধ্য দিয়ে শুরু হয়েছিল এ আয়োজন। প্রবন্ধ উপস্থাপক ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জাহিদুর রহমান। এছাড়াও দিনব্যাপী আয়োজনে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন, মঞ্চ নাটক ও বিষয়ভিত্তিক নাচ, সংগীত বিভাগের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের গান পরিবেশন।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৬