প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬ ১৭:১০ (বৃহস্পতিবার)
ভারত যদি মা হয়, পাকিস্তান হলো মাসি: সানি দেওল

বলিউডের শক্তিমান অভিনেতা সানি দেওল তার আসন্ন সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচারণায় পাটনায় এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সেখানে তিনি ভারত-পাকিস্তান চিরায়ত বৈরী সম্পর্ক নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন। তবে সানি দেওল চিরায়ত রাজনৈতিক বিতর্ক এড়িয়ে দুই দেশের মানবিক বন্ধনের কথা বলেন।

প্রচারণা অনুষ্ঠানে প্রয়াত বাবা ধর্মেন্দ্রর উক্তি স্মরণ করে সানি বলেন, ‘ভারত যদি আমাদের মা হয়, তবে পাকিস্তান হলো মাসি।’ দেশভাগের আগের যৌথ ইতিহাস ও আত্মীয়তার এই টানকে তুলে ধরে তিনি জানান, উভয় দেশের মানুষ কোনো না কোনোভাবে একে অন্যের সঙ্গে গভীরভাবে যুক্ত।

একজন শিল্পী হিসেবে নিজের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে সানি দেওল স্পষ্টভাবে জানান, তিনি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না। তার মতে, অভিনেতারা মূলত গল্প বেছে নেন এবং তা পর্দায় তৈরি করেন। সেই গল্পকে নিয়ে কোনো রাজনীতি করা তাদের উদ্দেশ্যে থাকে না। তিনি আরও বলেন, দেশভাগ অনেক জটিল পরিস্থিতির জন্ম দিলেও শিল্পীদের কাজ হলো কেবল মানুষের আবেগের গল্প বলা, কোনো রাজনৈতিক তর্কে নিজেদের জড়ানো নয়।

সানি দেওলের আসন্ন সিনেমাটি আসগর ওয়াজাহাতের জনপ্রিয় নাটক ‘জিস লাহোর নাই ভেখিয়া, ও জম্যাই নাই’-এর ওপর ভিত্তি করে নির্মিত। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমার গল্পে দেখা যায় এক মুসলিম পরিবার লাহোরে গিয়ে একটি হাভেলি বরাদ্দ পায়। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে, এক বৃদ্ধা হিন্দু বিধবা নারী এখনো সেখানে বাস করছেন এবং তিনি কোনোভাবেই সেই ভিটেমাটি ছেড়ে যেতে রাজি নন। সিনেমাটিতে এই আবেগঘন মানবিক টানাপোড়েনই ফুটিয়ে তোলা হয়েছে।

‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমাটিতে সানি দেওল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রীতি জিনতা, শাবানা আজমি, আলী ফজল, করণ দেওল ও অভিমন্যু সিং। সিনেমাটি আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে বড় পর্দায় মুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

পাটনার সেই প্রচারণায় সাংবাদিকের প্রশ্নের জবাবে সানির দেওয়া মন্তব্যটি নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক চর্চা।
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৭