প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬ ১৮:৫৪ (বৃহস্পতিবার)
দেশে আসেন দেখা হবে রাজপথে: শেখ হাসিনার উদ্দেশে রাষ্ট্রপতি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসুন, ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। ভুল হলে আমাদের শুধরিয়ে দেবেন। আমরা তো আর আওয়ামী লীগ হতে পারবো না, হতেও চাই না।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দলটির নেতাদের মধ্যে অতীতের নানা অভিযোগ নিয়ে কোনো অনুশোচনা বা লজ্জাবোধ নেই। খুন, গুম, নির্যাতন, মানি লন্ডারিংসহ বিভিন্ন ঘটনার পরও তারা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন।

নিজের মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি। এখন ৮২ বছর বয়সে আরেকটা করবো। বাংলাদেশের জনগণের শাসন, গণতন্ত্র চিরস্থায়ী করে যাবো আমরা। রক্ত দিয়েছি এই দেশের জন্য। যুদ্ধে আহত হয়েছিলাম ১৯৭১ সালে, এ ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়।

জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের এই সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে, সেইসব পরিবারের রক্ষণাবেক্ষণ করা। যারা আহত, চোখের দৃষ্টি হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদের সুস্থ করে তোলা এই সরকারের পবিত্র দায়িত্ব। যারা জীবন দিয়ে গেছে ১৯৭১ সালে, তারাও কিছু পায় নাই। আপনারাও হয়তো যা প্রাপ্য তা পাবেন না, কিন্তু এই সরকারের কাছ থেকে নিশ্চয়ই সম্মান পাবেন। গরিব দেশের যতটুকু সাধ্য আছে, সবকিছু উজাড় করে দেবো আপনাদের কল্যাণের জন্যে।

গণতন্ত্র ও নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ৭১-এর জনযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। একইভাবে জুলাইয়ের এই যুদ্ধও ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। কাউকে কাউকে বলতে শুনেছি, আমরা কি নির্বাচনের জন্য জীবন বিসর্জন দিয়েছি নাকি? নির্বাচন তো গণতন্ত্রের অনুষঙ্গ। এই দেশে যতদিন গণতন্ত্র থাকবে, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ততদিনই আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে। সুতরাং গণতন্ত্র কোনো হেলাফেলার জিনিস নয়।
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৩