প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ০০:০০ (বৃহস্পতিবার)
‘রিপাবলিক বাংলা’ ছাড়লেন সেই ময়ূখ রঞ্জন

ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ ছেড়েছেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।


তবে ঠিক কী কারণে তিনি চ্যানেলটি ছেড়েছেন, সে বিষয়ে পোস্টে স্পষ্ট করে কিছু জানাননি ময়ূখ রঞ্জন। তিনি জানান, বুধবার সকালে ‘রিপাবলিক বাংলা’য় তার শেষ কর্মদিবস ছিল।


ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন লেখেন, ‘হ্যাঁ ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়। কেন কিসের জন্য সেগুলো নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম।’


চ্যানেল ছাড়ার সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি বলেও জানান তিনি। ময়ূখ লেখেন, ‘সিদ্ধান্তটা হঠাৎ নয়। মনস্থির করেছিলাম সেই ২০২৫ সালে।’

নিজের সাংবাদিকতার ভূমিকা নিয়েও পোস্টে কথা বলেন তিনি। তার মতে, ‘আমার কাজ কি? গণজ্ঞাপন করা। রাষ্ট্রবাদের হয়ে হিন্দুত্ববাদের হয়ে জাগরণ। দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেওয়া।’

তবে চ্যানেল ছাড়ার কারণ সম্পর্কে বিস্তারিত না জানিয়ে তিনি ইঙ্গিত দেন, পরবর্তী সময়ে এ বিষয়ে আরও কথা বলতে পারেন। তিনি লেখেন, ‘পরিষ্কার হলো না তো? বেশ তাহলে কাল আরও বিস্তারিত লিখব।’

রিপাবলিক বাংলা ছাড়ার পর নিজের প্রতি দর্শকদের প্রতিক্রিয়া নিয়েও কথা বলেন ময়ূখ। তিনি লেখেন, ‘আমি কৃতজ্ঞ যে ময়ূখকে একদল জান দিয়ে যেমন ভালোবাসে, আরেকদল গাল দিতে তেড়ে আসে।’

পরবর্তীতে অপর একটি পোস্টে চ্যানেল ছাড়ার পর তার পরবর্তী পরিকল্পনা নিয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি। ময়ূখ জানান, কিছু সময় বিরতি নিয়ে ভ্রমণে যাবেন। এরপর কিছুটা দূরত্ব ও আত্মবিশ্লেষণের পর আবারও ফিরবেন।


তিনি লেখেন, এরপর, কিছুটা দূরত্ব এবং কিছুটা ভাবনার পর, ময়ুখ ফিরবে। হয়তো সফল হয়ে। হয়তো ক্ষত-বিক্ষত হয়ে। হয়তো আরও জ্ঞানী হয়ে। কিন্তু কখনো মুছে গিয়ে নয়।


ময়ূখ রঞ্জন ঘোষ নিজেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিডিয়া প্রফেশনাল’ হিসেবে পরিচয় দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানসহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তার বিভিন্ন মন্তব্য ও অবস্থান নিয়ে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক