ছবি: সংগৃহিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থানের একমাত্র শহীদ শিক্ষার্থী রুদ্র সেনের স্মরণে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ ও তাঁর স্মৃতি সংরক্ষণে কার্যকর পদক্ষেপের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে ইতোমধ্যে একটি সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. খায়রুল ইসলাম জানান, জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদ রুদ্র সেনের স্মৃতি ক্যাম্পাসে চিরভাস্বর করে রাখতে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে স্থায়ী স্মৃতিস্তম্ভ ও স্মারক ফলক নির্মাণ করা হবে। একই সাথে ‘শহীদ রুদ্র সেন লেক’-এর সৌন্দর্যবর্ধন, পরিবেশগত ভারসাম্য রক্ষা ও সার্বিক উন্নয়নে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হবে। এসব উদ্যোগ দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটি কাজ শুরু করেছে।
এছাড়া শহীদ রুদ্র সেনের স্মরণে প্রতি বছর বৃত্তি প্রদানের লক্ষ্যে “শহীদ রুদ্র সেন মেমোরিয়াল স্কলারশিপ” চালুর ঘোষণা দেন উপাচার্য। এ জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাজেট থেকে প্রাথমিকভাবে ১০ লাখ টাকা মূলধন হিসেবে সংরক্ষণ করা হবে এবং প্রতি বছর ১৮ জুলাই রুদ্র সেনের শাহাদাতবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হবে।
উপাচার্য তাঁর বক্তব্যে আরও বলেন, "জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে। শুধু আনুষ্ঠানিক বক্তৃতা নয়, শিক্ষার্থীদের এসব উদ্যোগের সাথে সরাসরি সম্পৃক্ত করতে হবে, যাতে তারা উপলব্ধি করতে পারে যে দেশের স্বাধীনতার জন্য কত বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে।"
উল্লেখ্য, সম্প্রতি শহীদ রুদ্র সেনের স্মরণে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং ‘শহীদ রুদ্র সেন লেক’-এর স্পষ্ট নামফলক ও সংরক্ষণের ২ দফা দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছিলেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সেই আহ্বানের পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ হিসেবে স্মৃতিস্তম্ভ নির্মাণ ও কমিটি গঠনের এই সিদ্ধান্ত স্পষ্ট করল।
কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ এবং এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
স্মরণীয় এই দিনে শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শহীদ রুদ্র সেনের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা।
সিলেটভিউ২৪ডটকম/আতহার/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.