ছবি: সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাটে ব্যবসায়ী কামরুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাতে বিষয়টি জানিয়েছে র্যাব-৯। তারা জানায়, বিকাল ৩টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট থানার লেঙ্গুড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আব্দুছ ছোবহান (৫৪), ছমরুল ইসলামের ছেলে বদরুল ইসলাম (৩৪), জৈন উদ্দিনের ছেলে আজাদুর রহমান (৩২) ও মৃত আব্দুস ছালামের ছেলে ময়নুল ইসলাম (৪০)।
র্যাব জানায়, ভিকটিম কামরুল ইসলাম ও গ্রেপ্তারকৃতরা একই এলাকার বাসিন্দা। তিনি ও বিবাদী বিলাল উদ্দিন যৌথভাবে বালু ও বিভিন্ন ধরনের ব্যবসা করতেন। ৬/৭ মাস পূর্বে ব্যবসায়ী বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বিলাল তার লোকজন নিয়ে কামরুলকে মারধোর করেন। এ ঘটনায় তার মা বাদী হয়ে মামলা দায়ের করলে উভয় পক্ষে আরও বেশি বিরোধে জড়িয়ে পড়ে। তারা প্রায়ই কামরুলকে হত্যার হুমকি দিতেন।
তারই ধারাবাহিকতায় গত ২২ জুন দুপুর পৌণে ১টার দিকে গোয়াইঘাটের লেঙ্গুড়া কবরস্থানে পৌঁছামাত্র বিলাল ও তার লোকজন কামরুলের উপর ঝাঁপিয়ে পড়েন। তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে তাকে জখম করেন । তিনি মাটিতে লুটিয়ে পড়লে তারা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তার পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে দ্রæত উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেদিন বিকাল ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় কামরুলের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা (নং ২৬/২৩/৬/২৬) দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং এই ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তাদের সবাইকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.