প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ১৭:০৩ (শুক্রবার)
সিলেটে কাঠ নিয়ে জালিয়াতি, ফার্নিচারের দোকান সিলগালা

ছবি: সিলেট ভিউ।

সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের অভিযানে গ্রাহককে প্রতারিত করে বাঁকা ও নিম্নমানের কাঠের দরজা সরবরাহের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ভোক্তা-অধিকার আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানকে সাময়িক সিলগালা ও ব্যবসা কার্যক্রম স্থগিতকরণের সরকারি নোটিশ জারি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া। এসময় তার সাথে সহযোগিতা করেন সিলেট মহানগর পুলিশ সদস্যরা।

 

জানা যায়, সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকার মেসার্স দি চট্টগ্রাম ডোর এন্ড ফার্নিচারের বিরুদ্ধে ডা. আফরাহুল ইসলাম নামের এক গ্রাহক অভিযোগ প্রদান করেন। তিনি অভিযোগ করেন , মেসার্স দি চট্টগ্রাম ডোর এন্ড ফার্নিচারে নির্দিষ্ট কাঠ ও ডিজাইনের দরজার অর্ডার প্রদান করেন। তবে প্রতিষ্ঠানটি গ্রাহককে প্রতিশ্রুত মান অনুযায়ী পণ্য না দিয়ে নিম্নমানের, বাঁকা এবং ত্রুটিপূর্ণ কাঁচ ও ফলকযুক্ত কাঠের দরজা সরবরাহ করে। প্রতারণার শিকার হয়ে উক্ত গ্রাহক জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রাহককে প্রতারিত করে বাঁকা ও নিম্নমানের কাঠের দরজা সরবরাহের অভিযোগের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়। 

 

এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারার ব্যত্যয় ঘটায় উক্ত আইনের ২৭ (১, ২, ৩, ৪) ও ৭০ (১) ধারায় নোটিশের মাধ্যমে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে তালাবদ্ধ ও সিলগালা করার নির্দেশ দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সকল ব্যবসায়িক কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

নোটিশে বলা হয়, কেন উক্ত প্রতিষ্ঠানের ব্যবসার লাইসেন্স স্থায়ীভাবে বাতিল বা ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করা হবে না। তা নোটিশ প্রাপ্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে উপস্থিত হয়ে সশরীরে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া জানান, গ্রাহকের সাথে প্রতিশ্রুত পণ্য না দিয়ে প্রতারণা করা ভোক্তা-অধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন। সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষায় ও অসৎ ব্যবসায়ীদের রুখতে আমাদের এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০২