প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ১৭:৩৭ (শুক্রবার)
২১ দেশের ছবি নিয়ে শাবিপ্রবিতে সুপা’র আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফটোগ্রাফি বিষয়ক সংগঠন 'শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশন (সুপা)'-এর উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর প্রথম পর্ব শুরু হয়েছে।
 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-ডি (শিক্ষাভবন-ডি) এর নিচতলায় সংগঠনটির উপদেষ্টারা আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

আয়োজকরা জানান, প্রথম পর্বের এই আলোকচিত্র প্রদর্শনীটি আগামী ৮ আগস্ট সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে।
 

পরবর্তীতে এই আলোকচিত্র প্রদর্শনীর দ্বিতীয় পর্ব আগামী ২৮ ও ২৯ আগস্ট ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, “এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪ হাজারেরও বেশি আলোকচিত্র জমা পড়েছিল। এর মধ্য থেকে ভারত, স্পেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ইথিওপিয়া, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও মেক্সিকোসহ ২১টিরও বেশি দেশের প্রায় ৫০০টি আলোকচিত্র প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত করা হয়। দেশ-বিদেশ থেকে জমা পড়া এসব আলোকচিত্রের মধ্য থেকে সুক্ষ্ম যাচাই-বাছাই শেষে বিচারকমণ্ডলী চূড়ান্ত প্রদর্শনীর জন্য মোট ৮১টি ছবি নির্বাচিত করেছেন।”
 

এসব আলোকচিত্র বাছাইয়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভির মুরাদ, প্রখ্যাত আলোকচিত্রী মিশুক আশরাফুল আওয়াল ও শফিকুল আলম কিরণ।

আয়োজকদের সূত্রে আরও জানা যায়, প্রদর্শনীর জন্য নির্বাচিত ছবিগুলো একক (ক্যামেরা), মোবাইল এবং ফটো স্টোরি— মোট তিনটি ক্যাটাগরিতে প্রদর্শিত হচ্ছে। পুরো প্রদর্শনীর জন্য প্রাইজমানি হিসেবে মোট ৪০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়ছে এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত ও শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের উপভোগ করার জন্য সুপা’র পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/আতহার/এসডি-১১